দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত প্রতিবেদনে দেশজুড়ে হাম পরিস্থিতির এই উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮৯ জনে। এই মোট প্রাণহানির মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছেন ১০৪ জন এবং বাকি এক হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১১ হাজার ৯৯০ জনে। এছাড়া একই সময়ে ল্যাব পরীক্ষার মাধ্যমে আরও ৮৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে, যার ফলে দেশে এ পর্যন্ত মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৫৭ জনে পৌঁছেছে।
অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট এক লাখ ৮৮ হাজার ৪৫২ জন রোগী। তাঁদের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৮০ হাজার ৮৪৮ জন।
