এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৫৫০ ছাড়ালো

এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫১ জনে। একই সময়ে ডেঙ্গু জ্বর নিয়ে ৩১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ২৯৫ জনে। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে একজন খুলনা এবং অপরজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১২১ জন রয়েছেন।

এছাড়াও ঢাকা বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৫১ জন, খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে সাতজন এবং সিলেট বিভাগে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ১৮৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৬ হাজার ১৩৮ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৫০ জন।

দেশের ইতিহাসে ২০২৩ সালে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ও মৃত্যুবরণ করেছেন। বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

২০২২ সালে ডেঙ্গুতে দেশে ২৮১ জন মারা যান। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে এডিস মশাবাহী এই রোগে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। সে বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিলো।