হাম ও উপসর্গে আরও সাত মৃত্যু

দেশেই বেড়েই চলছে হামের প্রাদুর্ভাব, দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকাও। হাম ও হামের উপসর্গে গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে।  
 
শুক্রবার (৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে। আর বাকি ছয়জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে ৩৪৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৫৮ শিশু। আর সন্দেহজনক হামে ২৮৫ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২১২ জন এবং গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪৬ হাজার ৭১০ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ২৮২ জন। আর গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ছয় হাজার ৪৯০ জন। 

এছাড়া ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৮৬২ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ১৫২ শিশু।