সারাদেশে হামের উপসর্গে গেলো ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার ২৫ জুন সকাল ৮টা পর্যন্ত) ৯ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৯৩ জন। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫২ জনের। অর্থাৎ এই সময়ে ৯৪৫ জনের হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ৮০ হাজার ৪৯৭ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৬ হাজার ৭৮৮ জন।
অন্যদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৬০৫। এ সময় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৯৮ জন মারা গেছে।