ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী শতভাগ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাথাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে মাইক্রোস্কোপসহ প্যাথলজির নতুন যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এসময় স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, দেশে ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ডেঙ্গু পরীক্ষার জন্য প্রয়োজনীয় রিএজেন্টের কোনো অভাব হবে না।
সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে সরদার মোহাম্মদ সাথাওয়াত হোসেন বলেন, আইভি ফ্লুইড ও স্যালাইনসহ সব ধরনের জরুরি চিকিৎসা সরঞ্জাম ইতিমধ্যে সারাদেশে পাঠানো হয়েছে। এর পাশাপাশি ডেঙ্গু চিকিৎসার জন্য নির্ধারিত বিশেষ প্রটোকল একদম প্রান্তিক পর্যায়ের হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়া নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রী জানান, ডেঙ্গু পরীক্ষায় উপজেলায় পর্যায়ে এনএসওয়ান পরীক্ষার কিট পাঠানো হয়েছে।
মশার উপদ্রব ও বিস্তার রোধে নতুন প্রযুক্তির ব্যবহারের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পানিতে থাকা ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করার জন্য এবার বিশেষ ক্যাপসুল ব্যবহার করা হবে। এই ক্যাপসুলগুলো আগামী এক সপ্তাহের মধ্যে সংগ্রহ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।