ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫০

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ৩৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে চারজন, রংপুর বিভাগে একজন, সিলেট বিভাগে চারজন ও খুলনা বিভাগে ৭০ জন রয়েছেন।

একই সময়ে ২৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর-এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন সাত হাজার ৫৭০ জন। 

এদিকে চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আট হাজার ৩২৩ জন। এর মধ্যে ৬১ দশমিক এক শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক ৯ শতাংশ নারী।

অন্যদিকে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৫ জনের মৃত্যু হয়েছে।

এর আগে ২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।