হাম উপসর্গে আরও তিন মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮২৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯০৪ জন।

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতি–সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১৫ মার্চ থেকে ২৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে মোট এক লাখ ২৫ হাজার ৫৪৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষায় ১৫ হাজার ৬৬০ জনের হাম নিশ্চিত হয়েছে। 

একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ আট হাজার ৪৪১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ চার হাজার ২৩৫ জন। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যুর তিনটি ঘটনার মধ্যে দুটি ঘটেছে চট্টগ্রাম বিভাগে এবং একটি রাজশাহী বিভাগে। 

এ পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৩ জনে। তবে পরীক্ষায় নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত থেকে ৯৫ জন রয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৮ জনে।