হাম সন্দেহে আরও চার মৃত্যু, আক্রান্ত হাজারের ওপর

গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রন্ত হয়েছে এক হাজার পাঁচজন। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৭০ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ২৭ হাজার ৪১০ জন।

একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩৫ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫ হাজার ৮৭৪ জন।

এদিকে গত ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১০ হাজার ১৮২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ছয় হাজার ৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৩৯ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে।