হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু, আক্রান্ত ১০৮৫

গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৮৫ জন।

শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯০০ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ২৮ হাজার ৩১০ জন।

একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮৫ জন, আর গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬ হাজার ৫৯ জন।

এদিকে গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১০ হাজার ৯৮৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬ হাজার ৮৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৪১ জন শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৬ জনের মৃত্যু হয়েছে।