২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ছয়জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৬ জনে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬০৮ জন। 

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।   

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া এক হাজার ৬০৮ জন রোগীর মধ্যে ৬৩.১ শতাংশ পুরুষ এবং ৩৬.৯ শতাংশ নারী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন এবং বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশন এলাকার বাইরে) একজন করে মোট ছয়জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত মৃত্যু হওয়া ২৫৬ জনের মধ্যে ৫১.২ শতাংশ নারী এবং ৪৮.৮ শতাংশ পুরুষ।   

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৩১৯ জন চট্টগ্রাম বিভাগের, ২৭৬ জন খুলনা বিভাগের, ২২৩ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এবং ২১৫ জন বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, রাজাশাহী বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, ময়মনসিংহে ৭৯ জন এবং রংপুর বিভাগে ৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।   

আক্রান্তদের বয়সভিত্তিক হিসাবপরিসংখ্যানে দেখা যায়, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ১৬ থেকে ৩০ বছর বয়সীরা। গত ২৪ ঘণ্টায় ২১ থেকে ২৫ বছর বয়সী সর্বাধিক ২৪৩ জন এবং ১৬ থেকে ২০ বছর বয়সী ২০৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।   

চলতি বছরের এক জানুয়ারি থেকে তিন অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৪ হাজার ৩৬৯ জন। এর মধ্যে ৬২.৪ শতাংশ পুরুষ এবং ৩৭.৬ শতাংশ নারী আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রেকর্ড করা হয়েছে ঢাকার বাইরে (সিটি করপোরেশন এলাকার বাইরে), যার সংখ্যা ৬৪ হাজার ৯৫৪ জন।   

মাসভিত্তিক হিসাবে দেখা যায়, গত সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রাদুর্ভাব সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করে, যেখানে এক মাসেই আক্রান্ত হন ৪৩ হাজার ৭৭৪ জন এবং মারা যান ১৪৮ জন। এর আগে আগস্টে ২০ হাজার ৫৩৬ জন আক্রান্ত ও ৪৩ জনের মৃত্যু হয়েছিলো।   

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৭৮ হাজার ৪৮২ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন পাঁচ ৬৩১ জন ডেঙ্গু রোগী।