ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৯৬

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৯৬ জন নতুন রোগী।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন, বরিশাল বিভাগে দুইজন, খুলনা বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে একজন এবং সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে একজন রয়েছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনসহ) ৮৬১ জন। এর মধ্যে ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকাতেই ভর্তি হয়েছেন ৪৮০ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১৮৭ জন। এছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, বরিশাল বিভাগে ২০৩ জন, রাজশাহী বিভাগে ১৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন, রংপুর বিভাগে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮১ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই প্রাণ হারিয়েছেন ১৪৮ জন। এছাড়া চলতি অক্টোবর মাসের প্রথম ছয় দিনেই মারা গেছেন ৩৬ জন। এর আগে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুইজন করে রোগী মারা যান।

চলতি বছরের জানুয়ারি থেকে ছয় অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯০ হাজার ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মোট আক্রান্তদের মধ্যে পুরুষ রোগীর হার ৬২ দশমিক তিন শতাংশ এবং নারী ৩৭ দশমিক সাত শতাংশ।

একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৮৪ হাজার ২৯৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৯৬৪ জন।