দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৯ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ হাজার ৮২ জনে।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে), চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন করে রয়েছেন।
একই সময়ে নতুন ভর্তি রোগীর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, ৪০৬ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৪ জন, বরিশাল বিভাগে ২১৯ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২০৫ জন, খুলনা বিভাগে ১৮৪ জন, রাজশাহী বিভাগে ১৪১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯২ জন, রংপুর বিভাগে ৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন এবং সিলেট বিভাগে ১৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের এক জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে ৬২.২ শতাংশ পুরুষ এবং ৩৭.৮ শতাংশ নারী। তবে মৃত্যুহারের দিক থেকে নারীরা বেশি। ডেঙ্গুতে মারা যাওয়া ২৯৯ জনের মধ্যে ৫১.৯ শতাংশ নারী এবং ৪৮.১ শতাংশ পুরুষ।
প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট পাঁচ ৭৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬২৭ জন এবং চলতি বছর এখন পর্যন্ত ৯১ হাজার ৭ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছর সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে সেপ্টেম্বরে। সেপ্টেম্বর মাসে মোট ৪৩ হাজার ৭৭৪ জন আক্রান্ত এবং ১৪৮ জন মারা গেছেন। তবে চলতি অক্টোবর মাসের প্রথম ১০ দিনে ইতিমধ্যেই ১৭ হাজার ৪৬২ জন আক্রান্ত এবং ৫৪ জনের মৃত্যু হয়েছে।