ডেঙ্গুতে আরও ছয় মৃত্যু, হাসপাতালে নতুন ১৮৮৬ রোগী

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৫ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ১৫৫ জন।

বৃহস্পতিবার, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের মধ্যে অক্টোবর মাসেই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে (১৫৫ জন)। এর আগে সেপ্টেম্বর মাসে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা যান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ১০৫ জনে। চিকিৎসাসেবা নিয়ে তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৫ হাজার ৪৩৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬ হাজার ২৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিভাগওয়ারী তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে-  ৭৫৫ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, বরিশালে ২২৯ জন, খুলনায় ২৬৪ জন, রাজশাহীতে ১৮৮ জন, ময়মনসিংহে ৮৯ জন, রংপুরে ৭৮ জন এবং সিলেটে ১১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জ্বর হলেই দ্রুত ডেঙ্গু পরীক্ষা করানোর তাগিদ দিচ্ছেন।