ডেঙ্গুতে তিন মৃত্যুর দিনে হাসপাতালে ভর্তি ১৯৬০

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে এক হাজার ৯৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।   

চলতি বছরের এক জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন মোট এক লাখ ৫৭ হাজার ৬২৮ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৫২ হাজার ৩২ জন রোগী। আর এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট প্রাণ হারিয়েছেন ৪৮১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পাঁচ হাজার ৯১৫ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকা মহানগরেই চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৩৩৮ জন।   

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুর বিস্তার ঘটেছে দেশের সব বিভাগেই। গত ২৪ ঘণ্টার নতুন ভর্তি ও মোট আক্রান্তের পরিসংখ্যানে দেখা যায় ঢাকা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা উল্লেখযোগ্য এবং এ পর্যন্ত এ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, যা ৬৪ হাজার ৭৩৯ জনে দাঁড়িয়েছে এবং মোট মৃত্যু হয়েছে ৮১৩ জনের। 

চট্টগ্রাম বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্ত ২৩ হাজার ১৩ জন এবং মৃত্যু হয়েছে ৪৭ জনের। খুলনা বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২৯৮ জন এবং মারা গেছেন ৮৫ জন। রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুসহ এ বিভাগে মোট আক্রান্ত ১২ হাজার ৪৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৩০ জনের। রংপুর বিভাগে মোট আক্রান্ত পাঁচ হাজার ৫১৮ জন। বরিশাল বিভাগে মোট আক্রান্ত ১৯ হাজার ৪০১ জন এবং মৃত্যু ৩২ জনের। সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম, এ পর্যন্ত মোট এক হাজার ২৫ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন চারজন।