দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে, যা পাঁচশর কাছাকাছি। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৫২ জন।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৪ দিনে ডেঙ্গুতে ৮০ জনের মৃত্যু হয়েছে। এর আগে অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
বুলেটিনে বলা হয়, শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৯৫২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬২ হাজার ৫০৯ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৫৬ হাজার ১৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৭৩ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৯ জন, বরিশাল বিভাগে ২০৯ জন, খুলনায় ১৯৩ জন, রাজশাহী বিভাগে ১৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৯১ জন, রংপুর বিভাগে ৭৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।