দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা থামছে না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও এক হাজার ৬৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগের ছয়জন, চট্টগ্রাম বিভাগের একজন এবং রাজশাহী বিভাগের একজন রয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ২১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের এক জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর সার্বিক পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, এই সময়ে সারাদেশে ডেঙ্গু নিয়ে মোট এক লাখ ৬০ হাজার ৫৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৯১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৫৪ হাজার ১৫১ জন। আর বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন আছেন মোট পাঁচ হাজার ৯১৫ জন ডেঙ্গু রোগী।
