ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ১৩৪৭

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩৪৭ জন।

শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ২৫৯ জন। এরপর খুলনা বিভাগে ৮৭ জন, চট্টগ্রামে ৫১ জন, ময়মনসিংহে ৪০ জন, বরিশালে ৩৩ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে আটজন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৫ জন, খুলনা বিভাগে ১২২ জন, রংপুর বিভাগে ১০৫ জন এবং বরিশাল বিভাগের ১৫৪ জন আক্রান্ত হয়েছে।

তবে এ সময়ের মধ্যে রাজশাহী ও সিলেট বিভাগে নতুন করে কেউ আক্রান্ত হয়নি।

এতে আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৭০ হাজার ২৮০ জন। এদের মধ্যে এক লাখ ৬৪ হাজার ১৫০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। আর বর্তমানে হাসপাতালে পাঁচ হাজার ৬১৭ জন চিকিৎসাধীন আছে। এ ছাড়া এ সময়ের মধ্যে মারা গিয়েছেন ৫১৩ জন।