দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ ধারণ করেছে। চলতি বছরে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ছড়িয়েছে এবং প্রাণহানি ঘটেছে ৩৩৫ জনের। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, শুধু চলতি অক্টোবর মাসের প্রথম ১৫ দিনেই আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৮২০ জন এবং মারা গেছেন ৯০ জন, যা চলতি মৌসুমে সংক্রমণের উর্ধ্বগতির ইঙ্গিত দেয়।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে ডেঙ্গু পরিস্থিতির এই সর্বশেষ ও আশঙ্কাজনক তথ্য প্রকাশ করা হয়।
স্বাস্থ্য দপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৮১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মাধ্যমে চলতি বছর হাসপাতালে চিকিৎসা নেওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮ হাজার ৪৪০ জনে।
অন্যদিকে, আশার কথা হলো ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ১৭৯ জন। এ নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত মোট ১ লাখ ২ হাজার ২১০ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিভাগভিত্তিক আক্রান্তের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৪১০ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, বরিশালে ১৯৬ জন, খুলনায় ১৪০ জন, রাজশাহীতে ৯৯ জন, ময়মনসিংহে ৯২ জন এবং রংপুর বিভাগে ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হন। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশের হাসপাতালগুলোতে রোগীদের চাপ ক্রমশ বাড়ছে।