নভেম্বরের শুরুতেই ডেঙ্গুতে আট প্রাণহানি

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন নতুন রোগী।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে রাজধানীতে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, চুয়াডাঙ্গা ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় চিকিৎসাধীন অবস্থায় একজন করে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগের (রাজধানীসহ) হাসপাতালগুলোতে ৮৩১ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২৫৭ জন, খুলনা বিভাগে ২৫৯ জন, বরিশালে ২১৩ জন, রাজশাহীতে ১৮৫ জন, ময়মনসিংহে ৯২ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেটে ১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১১৪ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন এবং অক্টোবরে সর্বোচ্চ ১৭৪ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম দিনেই সেই তালিকায় যুক্ত হলো আরও আটজনের নাম।