রাশিয়ায় করোনা শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড, লকডাউনে মস্কো

রাশিয়াতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্যখাত নিয়ে নতুন করে বিপর্যয়ে পড়েছে দেশটি। করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড দেখলো পূর্ব ইউরোপের বৃহত্তম দেশটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী মস্কোয় জারি হয়েছে আংশিক লকডাউন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানায়, গত ২৪ ঘন্টায় রাশিয়ায় রেকর্ড এক হাজার একশ' ৫৯ জনের মৃত্যু হয়েছে। আর ৮৫টি অঞ্চলে নতুন করে কোভিড শনাক্ত হয়েছে রেকর্ড ৪০ হাজার ৯৬ জনের।

এমন পরিস্থিতিতে আগামী ৩০ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত এ ১১ দিন মস্কোয় আংশিক লকডাউনের কড়াকড়ি বহাল থাকবে। 

এ সময় মস্কোয় শুধুমাত্র ওষুধ ও অন্যান্য অতি প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলো খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। 

মস্কোয় লকডাউনের পাশাপাশি রাশিয়াজুড়ে নানা পেশার কর্মীদেরকে শনিবার থেকে ৯ দিনের ছুটি দেওয়া হয়েছে। 

এর আগে শনিবার (২৩ অক্টোবর) করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৭৫ জন প্রাণ হারিয়েছেন দেশটিতে। ইউরোপে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলো একটি রাশিয়া। দেশটিতে টিকাদানের হার অনেক কম। 

আরও পড়ুন: বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার শঙ্কা

যদিও রাশিয়ার নিজেদের উদ্ভাবিত টিকা স্পুতনিক-ভি। টিকা নেওয়ার জন্য দেশের মানুষকে দফায় দফায় আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরও দেশটির মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ নেই। রাশিয়ায় এখন পর্যন্ত মাত্র ৩৬ শতাংশ মানুষ টিকার পূর্ণ ডোজ নিয়েছেন।

রাশিয়ায় সর্বশেষ বড় ধরনের লকডাউন দেওয়া হয়েছিল গতবছর মে-জুনে।

দেশটিতে এ পর্যন্ত করোনায় দুই লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ সংখ্যা ইউরোপের দেশগুলোতে কোভিডে আক্রান্তের মোট সংখ্যার চেয়ে বেশি।


একাত্তর/আরবিএস