টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের বিজয় উদযাপন করার অভিযোগে উত্তর প্রদেশ থেকে আরও তিন কাশ্মিরী শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হবে বলেও জানা গেছে।
বুধবার (২৭ অক্টোবর) ভারতের উত্তর প্রদেশের আগ্রা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
এদিকে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিস এক টুইট বার্তায় জানায়, যারা পাকিস্তানের বিজয় উদযাপন করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হবে।
গ্রেপ্তারকৃত ওই তিন কাশ্মিরী শিক্ষার্থী আগ্রার রাজা বলবন্ত সিং কলেজের ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। এরমধ্যে আরশেদ ইউসুফ ও ইনায়েত আলতাফ শেখ তৃতীয় বর্ষের এবং শওকত আহমেদ গানাই চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
এর আগে সোমবার ওই শিক্ষার্থীদের সাময়িকভাবে বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে ওই শিক্ষার্থীরা কলেজের শৃঙ্খলা ভেঙেছে। তারা ভারত-পাকিস্তান ম্যাচের পর পাকিস্তানের পক্ষে পোস্ট দিয়েছিল।
এছাড়া চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিজয় উদযাপন করায় কাশ্মীরের দুটি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ক্রিকেট ম্যাচ চলাকালে জাতীয় অনুভূতিকে অসম্মান করায় মঙ্গলবার (২৬ অক্টোবর) ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলিশ অজ্ঞাত নামে এ মামলা দায়ের করে।
উল্লেখ্য, গত রোববার রাতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে ভরাডুবি হয় ভারতের। পাকিস্তানের এ বিজয় উদযাপনে অংশ নেয় শ্রীনগরের সরকারি মেডিক্যাল কলেজ এবং শের-ই কাশ্মীর মেডিক্যাল সাইন্স ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। স্লোগান দিয়ে ও আতশবাজি ফুটিয়ে তাদের এ উদযাপনের ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।
একাত্তর/আরবিএস