ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার চার আসনের উপনির্বাচনের ফলাফল গণনায় চার আসনেই এগিয়ে আছে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। ২৪ পরগনার খড়দহ, নদীয়ার শান্তিপুর, কোচবিহারের দিনহাটা ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, এই চার আসনে বিপুল ভোটে হারতে চলেছে বিজেপি।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে শুরু হওয়া ভোট গণনায় ষষ্ঠ রাউন্ড শেষে প্রতিটি আসনেই এগিয়ে তৃণমূল। আগে এই চার আসনের দুইটি ছিলো তৃণমূলের ও বাকি দুইটি বিজেপির দখলে।
এদিকে আনুষ্ঠানিক জয় ঘোষণার আগেই এক টুইটার বার্তায় সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেতা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা লিখেছেন, "আমি চার জয়ী প্রার্থীকেই অভিনন্দন জানাচ্ছি। এটা মানুষের জয়। কারণ বাংলার মানুষ ঘৃণা এবং মিথ্যার রাজনীতির বিরুদ্ধে উন্নয়ন ও একতাকে বেছে নিয়েছেন। আমরা বাংলাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।"
বিধানসভা ভোটের ফল প্রকাশের ঠিক ছয় মাসের মাথায় উপনির্বাচনে এগিয়ে গেল তৃণমূল।
এ দিন ভোট গণনার শুরু থেকেই ব্যবধান বাড়াতে থাকেন চার কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা। ফলাফল আসার পর পরই জয়োল্লাসে মেতেছেন তৃণমূল কর্মী-সমর্থকেরা।
আরও পড়ুন: তবে কি নজরুলের বিরুদ্ধে 'খোদার আরশ আসন ছেদিয়া' লেখায় মামলা হবে
গোসাবা ও দিনহাটায় গণনার মাঝ পথেই তৃণমূলের সঙ্গে নিকটতম প্রার্থীর ভোট ব্যবধান এক লক্ষ ছাড়িয়ে যায়। খড়দহ কেন্দ্রেও বিজেপি-সিপিএমকে পিছনে ফেলে এগিয়ে যান শোভনদেব। অর্থাৎ চার কেন্দ্রেই বিপুল ভোটে তৃণমূলের জয় এখন কেবল সময়ের অপেক্ষা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একাত্তর/আরবিএস