যুক্তরাষ্ট্রকে কড়া জবাব চীনের

জলবায়ু সংকট মোকাবেলায় চলমান কপ-২৬ সম্মেলনে অংশগ্রহণ করেননি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ করণে চীনা প্রেসিডেন্টের সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

এবার সেই সমালোচনার জবাব দিয়েছে চীন। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে চীনের কড়া জবাব, "কথার চেয়ে কাজ বেশি ফলপ্রসূ।"

স্থানীয় সময় বুধবার (৩ নভেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এমন মন্তব্য করেন।

ওয়াং বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য আমাদের ফাঁকা বুলির চেয়ে শক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার সমালোচনা করে ওয়েনবিন বলেন, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের ফলে জলবায়ুর বৈশ্বিক নিয়ন্ত্রণ ও প্যারিস চুক্তির বাস্তবায়ন ক্ষতির মুখে পড়েছে।

এর আগে মঙ্গলবার (২ নভেম্বর) চীনের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, সম্মেলনে অংশ না নেওয়াকে চীনের জন্য একটি 'বড় ভুল'। 

এ সময় চীনের আন্তর্জাতিক অবস্থান ও 'নেতৃত্ব' নিয়েও প্রশ্ন তোলেন বাইডেন। খবর আল-জাজিরার।  

বিশ্বের সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশ চীন। প্রতিবেদনে আরও দেখা গেছে, চীন প্রায় ১২ বিলিয়ন মেট্রিক টন সিও২ উৎপন্ন করেছে। জীবাশ্ম জ্বালানি ও সিমেন্ট উৎপাদন থেকে দেশের সিও২ নিঃসরণ আগের বছরের তুলনায় ২০২১ সালের প্রথম ত্রৈমাসিকে ১৪.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  

আরও পড়ুন: আবারও বাড়লো এলপিজি ও অটোগ্যাসের দাম

বিশ্লেষকরা বলছেন, যদি সিও২ ২০২১ সালের শেষ পর্যন্ত বর্তমান হারে বাড়তে থাকে, তাহলে ২০২২-২০২৫ সালের মধ্যে আরও নিঃসরণ বাড়তে থাকবে। 

স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ সম্মেলনকে প্যারিস চুক্তি-পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন হিসেবে বিবেচনা করা হচ্ছে। অনুষ্ঠিত কপ-২৬ সম্মেলনে অংশ নেননি চীনা প্রেসিডেন্ট। এমনকি করোনা মহামারি শুরুর পর থেকে চীনের বাইরে কোনো সফরে যাননি তিনি।


 একাত্তর/আরবিএস