বিশ্বে প্রথম করোনায় মুখে খাওয়ার পিল অনুমোদন

করোনাভাইরাসের চিকিৎসায় বিশ্বে প্রথমবারের মতো মুখে খাওয়ার ওষুধ 'মলনুপিরাভ' ব্যবহারের অনুমোদন দিলো যুক্তরাজ্য।

অ্যান্টিভাইরাল এ ট্যাবলেট বাজারে এনেছে মার্কিন বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেরেক অ্যান্ড রিজব্যাক। পিলটি যুক্তরাজ্যে 'লাগেভ্রিও' নামে বিক্রি হবে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। 

এমএইচআরএ জানায়, ক্লিনিকাল ডেটা অনুযায়ী করোনা শনাক্তের পরে এবং উপসর্গ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যে যতো তাড়াতাড়ি সম্ভব ওষুধটি খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সংস্থাটি আরও জানাচ্ছে, গত মাসে চূড়ান্ত হওয়া ওই ডেটা অনুযায়ী, ট্যাবলেটটি সংক্রমণের শুরুর দিকে দেওয়া হলে আক্রান্তদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঝুঁকি প্রায় অর্ধেক কমবে।

করোনা আক্রান্ত হওয়ার পরের পাঁচ দিন দিনে দুইবার করে এ ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। 

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ এক বিবৃতিতে বলেন, যতো তাড়াতাড়ি সম্ভব একটি জাতীয় গবেষণার মাধ্যমে রোগীদের জন্য মলনুপিরাভির ব্যবহারের পরিকল্পনা তৈরি করতে সরকার এবং এনএইচএসের সঙ্গে কাজ করছি।

আরও পড়ুন: ইউরোপে আরও পাঁচ লাখ মানুষের মৃত্যু হতে পারে: ডাব্লিউএইচও

চলতি মাসেরই যুক্তরাষ্ট্রে মলনুপিরাভির ট্যাবলেটের অনুমোদন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

তবে এই ওষুধের বাজার মূল্য এবং সরবরাহের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ)।   


একাত্তর/আরবিএস