জ্বালানির পর ভোজ্যতেলের দাম কমালো ভারত

ভারতে জ্বালানি তেলের দাম কমানোর পর এবার দাম কমলো ভোজ্যতেলেরও। পাম, সয়াবিন ও সূর্যমুখী তেলের দাম কমেছে প্রতি লিটারে পাঁচ থেকে ২০ রুপি পর্যন্ত। তবে এখনও অপরিবর্তিত রয়েছে সরিষা তেলের দাম।

শনিবার (৬ নভেম্বর) ভারতের কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইণ্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (৫ নভেম্বর) থেকে এসব ভোজ্যতেলের দাম কমতে শুরু করেছে। 

ভারতের কেন্দ্রীয় খাদ্যসচিব শুধাংশু পাণ্ডে বলেছেন, আমরা সবচেয়ে খারাপ সময় পেরিয়ে এসেছি। ভোজ্যতেলের জোগান বৃদ্ধি, শুল্ক ও মজুত কমানোর ফলে দাম অনেকটাই কমে এসেছে।

তিনি আরও জানান, নিত্যপ্রয়োজনীয় তেলের দাম নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বস্তি দিতে, বেশ কয়েকজন আমদানিকারক ও রপ্তানিকারক ছাড়া ভোজ্যতেল ও তেলবীজ ব্যবসায়ীদের জন্য আগামী ১ মার্চ পর্যন্ত পণ্যমজুতের সীমা নির্ধারণ করে দিয়েছে ভারত সরকার।

শুধাংশু পাণ্ডে জানান, ভারতে শহরভেদে পাম, সয়াবিন ও সূর্যমুখী তেলের দাম কমেছে পাঁচ থেকে ২০ রুপি পর্যন্ত। তবে সরিষা তেলের ক্ষেত্রে এখনো কোনও সুখবর আসেনি।

দুইদিন আগেই দেশটিতে পেট্রল-ডিজেলের দাম কমেছে লিটারে পাঁচ থেকে ১১ রুপি। জ্বালানি তেলের দাম কমার সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে অন্যান্য জিনিসপত্রের দাম। 

আরও পড়ুন: ধর্মঘটের কারণে পেছালো জাবির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা

দীপাবলি উৎসবের কথা মাথায় রেখে ভোজ্যতেল বিক্রেতা সংস্থাগুলোকে দাম কমাতে অনুরোধ করেছিল ভারত সরকার। 

সরকারের প্রস্তাবে তেল বিক্রেতাদের সংগঠন সলভেন্ট এক্সট্র্যাক্টর অ্যাসোসিয়েশন (এসইএ) বিভিন্ন ধরনের ভোজ্যতেলের দাম কেজিপ্রতি তিন থেকে পাঁচ রুপি কমিয়ে দেয়।


একাত্তর/আরবিএস