টিকা নিয়ে আদালতে ধাক্কা খেলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠানের শতভাগ কর্মীকে টিকা নিতে হবে অন্যথায় প্রতি সপ্তাহে করোনা পরীক্ষার করাতে হবে।

জানুয়ারিতে এ বিষয়ে আদেশ জারির কথা প্রেসিডেন্ট জো বাইডেনের। তার আগেই প্রেসিডেন্টের এ পরিকল্পনা সাময়িকভাবে আটকে দিয়েছে মার্কিন আপিল আদালত।

এক আদেশে আদালত বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনা বা টিকা বাধ্যতামূলক করার এমন আইন গভীর উদ্বেগজনক এবং সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

আর তাই আদালত বাইডেনের এমন পরিকল্পনা স্থগিত করেছে এবং আগামী সোমবারের (৮ নভেম্বর) মধ্যে এ বিষয়ে জবাব দিতে বাইডেন প্রশাসনকে সময় দিয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেওয়া বাধ্যতামূলক করার বিরুদ্ধে আদালতে আবেদন করে যুক্তরাষ্ট্রের পাঁচটি রিপাবলিকান শাসিত অঙ্গরাজ্য। এগুলো হলো: টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, সাউথ ক্যারোলিনা এবং উটাহ।

এছাড়া আরও বেশ কয়েকটি ধর্মীয় ও বেসরকারি প্রতিষ্ঠানও আদালতে আবেদন করে।

আরও পড়ুন: গোটা বিশ্বে করোনার সংক্রমণ ২৫ কোটি ছাড়াল

লুইজিয়ার অ্যাটর্নি জেনারেল টুইট বার্তায় আদালতের রায়েকে চাকরি দাতা এবং কর্মীদের জন্য বড় বিজয় বলে উল্লেখ করেছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের অনেক প্রতিষ্ঠানই তার কর্মীদের টিকা নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করেছে। তবে বিরোধীরা বলছেন, টিকা নেওয়া বাধ্যতামূলক করা অসাংবিধানিক।


একাত্তর/আরএ