ভারতের মহারাষ্ট্রের আহমেদনগরে করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ রোগী মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরো সাতজন।
শনিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় আগুন লাগার ঘটনা ঘটে। আহতদের পাশের আরেকটি করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি।
আহমেদনগর জেলা হাসপাতালের কোভিড ওয়ার্ডের আইসিইউতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
করোনা রোগীদের উদ্ধার করে অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে প্রাণ হারান ১১ জন রোগী।
প্রাথমিক তদন্ত শেষে ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
আরও পড়ুন: টিকা নিয়ে আদালতে ধাক্কা খেলেন বাইডেন
অন্যদিকে, মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিক জানিয়েছেন, হাসপাতালে ফায়ার অডিট হয়েছিল কিনা খতিয়ে দেখা হবে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার।
একাত্তর/আরএ