পোল্যান্ড সীমান্তের দিকে শত শত অভিবাসীকে ঠেলে দিয়ে বেলারুশের বিরুদ্ধে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির চেষ্টার অভিযোগ করেছে পোল্যান্ড। বিশৃঙ্খলা রোধে অতিরিক্ত সেনা মোতায়েন করার কথা বলে বেলারুশকে সতর্ক করে দিয়েছে তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে শত শত মানুষকে একযোগে পোল্যান্ড সীমান্তের দিকে অগ্রসর হতে দেখা গেছে। বেলারুশিয়ান ব্লগিং সার্ভিস নেক্সটা'র শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে, শীতের পোশাক গায়ে পিঠে ব্যাকপ্যাক নিয়ে একটি হাইওয়ের পাশ ধরে হেঁটে যাচ্ছেন বহু মানুষ। অন্য এক ভিডিওতে খাকি পোশাক পরিহিত সৈন্য কর্তৃক অভিবাসীদের উঠিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।
পোল্যান্ডের সরকারি রেডিওতে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তে বহুল সংখ্যক মানুষকে লেলিয়ে দিয়ে সেখানে গোলাগুলি ও হতাহতের পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বেলারুশ। একসাথে অনেক মানুষের সীমান্ত পাড়ি দেয়ার তথ্য গণমাধ্যমের কাছে এসেছে বলে জানান তিনি।
আরও পড়ুন: হাঁটু পানিতে দাঁড়িয়ে বিশ্বকে পরিবেশ বিপর্যয়ের বার্তা
মিনস্কে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বেলারুশের ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার প্রতিশোধ হিসেবে দেশটি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অভিবাসীদের ইউরোপের বিভিন্ন দেশের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
এ অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি প্রতিবেশি দেশ লিথুয়েনিয়া বেলারুশ সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে। পোল্যান্ডের মতো লিথুয়েনিয়া সরকারও জরুরি অবস্থা জারি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, বেলারুশ সীমান্তে ১২ হাজারেরও বেশি সৈন্য মোতায়েন করা হয়েছে। সীমান্তের বেলারুশ পাশে জড়ো হওয়া অভিবাসীদের ভিডিও ফুটেজও শেয়ার করেছেন তিনি।
এদিকে, এ ঘটনায় ইইউ এবং জাতিসংঘের কাছে জোরালো প্রতিক্রিয়ার দাবি জানিয়েছেন বেলারুশের নির্বাসিত নেতা সভিয়েতলানা সিখানুস্কায়া।
একাত্তর/এসজে