কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় তীব্র ঝড়বৃষ্টির পর সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানে ভূমিধসে এখন পর্যন্ত এক নারী নিহত এবং আরও তিন ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
গত রোববার (১৪ নভেম্বর) রাতে ঝড়ের পর ব্যাপক বন্যায় আটকে পড়া হাজার হাজার বাসিন্দাকে উদ্ধারে মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী।
ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার জন হরগান বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, জরুরি অবস্থা স্থানীয় সময় বেলা ১২টা থেকে কার্যকর হবে। তিনি বলেন, বন্যা কবলিত সড়কে মানুষের চলাচল বন্ধ রাখতে ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাড়ায় পাড়ায় পৌঁছানো নিশ্চিত করা হবে।
আরও পড়ুন: ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে মার্কিন কালো তালিকায় ১০ দেশ
প্রবল বৃষ্টি ও ভূমিধসে বহু সড়ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় পার্বত্য অঞ্চলীয় বেশ কয়েকটি ছোট শহর বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ একজনের মৃত্যুর কথা নিশ্চিত করলেও সংখ্যাটি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) হতে যাওয়া যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো সম্মেলনের জন্য ওয়াশিংটন ডিসিতে থাকা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহায়তার আশ্বাস দিয়ে বলেছেন, সেনা সদস্যরা পুনর্নির্মাণে সহায়তা দেবে।
একাত্তর/এসজে