বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার

কৃষক আন্দোলনের মুখে পিছু হটলেন মোদী

ভারতে দীর্ঘদিনের বিক্ষোভের পর বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। 

শুক্রবার (১৯ নভেম্বর) জাতির উদ্দেশ্যে এক ভাষণে এ আইন প্রত্যাহার করার ঘোষণা দেন মোদী। তিনি বলেন, "আমি দেশের জনগণকে জানাতে চাই যে, আমরা তিনটি কৃষি আইনই প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।" 

তিনি আরও জানিয়েছেন, আগামী মাসে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে আইন বাতিল করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 

গত বছরের সেপ্টেম্বরে পাশ হওয়ার পরই এই আইনগুলো নিয়ে কৃষকদের মাঝে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। এই আইনের ফলে কৃষকরা সরকার নিয়ন্ত্রিত পাইকারি বাজারের বাইরে গিয়ে তাদের পণ্য বিক্রি করতে পারবেন না। 

আরও পড়ুন: সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০০ হুথি বিদ্রোহী নিহত

কৃষকদের দাবি, এর ফলে তাদের বড় বড় কোম্পানির কাছে প্রতিযোগিতায় হেরে গিয়ে লোকসানের মুখোমুখি হতে হয়। 

অন্যদিকে, সরকারের দাবি, এই সংস্কারের ফলে কৃষকরা উন্নয়নের সুযোগ পাবেন। তবে বেশিরভাগ কৃষকদেরই নতুন আইন সম্পর্কে রাজি করাতে ব্যর্থ হয়েছে তারা। 

ফলে গত প্রায় এক বছর ধরে এই আইনের বিরুদ্ধে আন্দোলন করে আসছে কৃষকরা। এই আইন বাতিল হলে তাকে কৃষকরা বিজয় হিসেবেই দেখবেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, পাঞ্জাব এবং উত্তর প্রদেশে আসন্ন নির্বাচনে কৃষকদের ভোট নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিলো মোদী সরকার। 


একাত্তর/এসজে