মোদিকে ভৎসনা করে কৃষকের জন্য মমতার নতুন কবিতা!

ভারতে লাগাতার কয়েক মাসের আন্দোলনের পর বিতর্কিত তিন কৃষি বিল প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। চাপে পড়ে বিজেপির বিল প্রত্যাহারের ঘোষণায় কৃষকের পাশাপাশি খুশি বিরোধী শিবিরও।

আর এই রাজনীতিতে পিছিয়ে থাকেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মোদির সমালচনার পাশাপাশি কৃষকদের অভিনন্দন জানিয়ে 'দিদি' লিখেছেন নতুন কবিতা।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে মমতা নিজেই তার অফিসিয়াল ফেসবুক এ্যাকাউন্টে কবিতাটি পোস্ট করেন।

কবিতায় কৃষকদের জয়ের প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি বিজেপি নাম উল্লেখ না করেই মোদির ঔদ্ধত্য ও অহঙ্কার ভঙ্গ হয়েছে বলে একটি লাইনে উদ্ধৃত করেছেন। নেট দুনিয়ায় সে কবিতা এখন রীতিমতো ভাইরাল।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে ভারতে পাশ হওয়া নতুন কৃষি আইন নিয়ে কৃষকদের মাঝে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। এই আইনের ফলে কৃষকরা সরকার নিয়ন্ত্রিত পাইকারি বাজারের বাইরে গিয়ে তাদের পণ্য বিক্রি করতে পারবেন না।

কৃষকদের বক্তব্য ছিল, এই আইনের কারণে বড় বড় কোম্পানির কাছে প্রতিযোগিতায় হেরে গিয়ে লোকসানের মুখোমুখি হতে হবে কৃষকদের। 

তিন কৃষি আইন বাতিলের দাবিতে ভারতে এক বছরেরও বেশি সময় ধরে চলছিল কৃষক আন্দোলন। কমপক্ষে ৭০০ জন কৃষকের মৃত্যু হয়েছে এ সময়। সেই আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছিল ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে।

অবশেষে শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে ওই আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

আরও পড়ুন: কৃষক আন্দোলনের মুখে পিছু হটলেন মোদী 

তার পর পরই বিজেপি বিরোধিতায় ময়দানে নেমে পড়ে মমতার তৃণমূল। প্রথম থেকেই তারা ওই আইনের বিরোধিতা করে আসছিল। রাজ্যের বিধানসভা ভোটের প্রচারেও মমতা এ নিয়ে সরব হয়েছিলেন। এমনকি ওই সময় দলীয় প্রতিনিধি পাঠিয়ে দিল্লির সীমান্তে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। নিজেও মোবাইল ফোনে কথা বলেছিলেন কৃষক নেতাদের সঙ্গে। 


একাত্তর/আরবিএস