শীতের আগমনের শুরুতেই বিশ্বব্যাপী করোনাভাইরাসে বাড়ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। গত সপ্তাহে ইউরোপে মৃত্যু বেড়েছে পাঁচ শতাংশেরও বেশি। তবে এশিয়ায় করোনার প্রকোপ কিছুটা কমেছে।
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে আট হাজার ৩৬৪ জনের। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৪৭ হাজার ৪৩৭ জনে।
শনিবার (২০ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৮৯০ জন। এতে মোট সুস্থতার সংখ্যা ২৩ কোটি ১৫ লাখ ২৬ হাজার ১১৯ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন চার কোটি ৮৫ লাখ ২১ হাজার ৫৯৬ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৯৮জনের।
আরও পড়ুন: দল থেকে বহিষ্কারের পর যা বললেন মেয়র জাহাঙ্গীর
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৫০৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে চার লাখ ৬৫ হাজার ৮২জনের।
এদিকে গত সাত সপ্তাহ ধরে ইউরোপের দেশগুলোর মধ্যে নতুন শনাক্তের হার সবচেয়ে বেশি রাশিয়া, জার্মানি ও ব্রিটেনে। মৃত্যুর হার বেশি নরওয়ে ও স্লোভাকিয়ায়। এই দুই দেশের মৃত্যুর হার বেড়েছে যথাক্রমে ৬৭ ও ৩৮ শতাংশ।
এর আগে সংস্থাটি জানিয়েছিল, করোনার পরবর্তী কেন্দ্রস্থল হতে পারে ইউরোপ। জরুরি পদক্ষেপ না নিলে ২০২২ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ এই অঞ্চলে পাঁচ লাখেরও বেশি মানুষ করোনায় মারা যেতে পারে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
একাত্তর/আরবিএস