বৈঠকের আগে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ইরানের

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের জারি করা নিষেধাজ্ঞাসমূহ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক মোহাম্মদ রেজা গাইবি। 

২০১৫ সালের পরমাণবিক চুক্তির প্রেক্ষিতে আগামী সপ্তাহে পুনরায় চুক্তি সক্রিয় করার বিষয়ে একটি বৈঠকে মিলিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে দুই দেশ, ঠিক সেই মুহূর্তে এমন আহ্বান জানালেন গাইবি। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ইরানের নিউজ নেটওয়ার্ক ইরান প্রেস টিভি জানায়, বর্তমানে মোহাম্মদ রেজা গাইবি ভিয়েনায় ইরানের মিশনের ভারপ্রাপ্ত প্রধান কর্মরত।  

মোহাম্মদ রেজা গাইবি বলেছেন, জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) হিসেবে পরিচিত ইরানের পরমাণু চুক্তিটি বাস্তবায়ন নিয়ে বর্তমান অচলাবস্থার অবসান ঘটাতে, যুক্তরাষ্ট্র সরকারের উচিত কোনো বিলম্ব ও পূর্বশর্ত ছাড়াই চুক্তির শর্ত লঙ্ঘন বন্ধ করা।

আন্তর্জাতিক পারমাণবিক জ্বালানি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভনর্স বৈঠকে গাইবি বলেন, যুক্তরাষ্ট্রের চুক্তি লঙ্ঘন, জেসিপিওএ থেকে যুক্তরাষ্ট্রের অবৈধ প্রত্যাহারের বিষয়ে স্পষ্টভাবে নিন্দা জানাতে ইউরোপীয় দেশগুলোর অনীহা এবং ইরানের বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়গুলো জেসিপিওএ সংক্রান্ত বর্তমান অচলাবস্থার মূল কারণ। 

আসন্ন ভিয়েনা পারমাণবিক বৈঠকের উল্লেখ করে তিনি বলেন, এই প্রচেষ্টার মাধ্যমে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

তার মতে, আসন্ন বৈঠকে নিষেধাজ্ঞা বহাল থাকলে ইরানের কাছ থেকে সহনশীলতা আশা করা যুক্তিসঙ্গত হবে না।

আরও পড়ুন: খালেদা জিয়ার অবস্থা খারাপের দিকে যাচ্ছে: মোশাররফ

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে যুক্তরাষ্ট্র সরকার ২০১৮ সালের মে মাসে ২০১৫ সালের চুক্তি থেকে সরে যায় এবং আবার ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। 

ট্রাম্প প্রশাসনের এমন কর্মকান্ডের জবাবে ইরান ২০১৯ সালের মে মাসে চুক্তি অনুযায়ী তাদের প্রতিশ্রুতির কিছু কিছু অংশের বাস্তবায়ন ধীরে ধীরে বন্ধ করে দেয়।


একাত্তর/আরবিএস