সুদানের সামরিক বাহিনীর একটি চৌকিতে ইথিওপিয়ার হামলায় অন্তত ছয় সেনাসদস্যের মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২৭ নভেম্বর) দুই দেশের সীমান্তের কাছাকাছি আল ফাশাকা অঞ্চলে এ হামলার এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আল ফাশাকাতে তাদের বাহিনীর ওপর হামলা চালিয়েছে ইথিওপিয়ার সেনাবাহিনীর কয়েকটি দল। এ হামলায় ইথিওপিয়ার সেনাদের সাথে দেশটির উগ্রবাদীরাও অংশ নেয়। এ হামলায় বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন।
সুদানের সেনাবাহিনী আরও জানায়, আমাদের বাহিনীগুলো দৃঢ়তার সঙ্গে হামলা প্রতিহত করেছে এবং হামলাকারীদের জানমালের ব্যাপক ক্ষতিসাধন করেছে।
এ হামলায় ঠিক কতোজন নিহত হয়েছেন সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি দেশটি।
অন্যদিকে হামলার দায়ের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইথিওপিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু
এর আগে গত বছরের শেষ দিকে ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চলে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াই শুরু হয়। ইথিওপিয়ার কয়েক হাজার শরণার্থী প্রতিবেশী দেশ সুদানে আশ্রয়গ্রহণ করেন। এসব ঘটনার প্রেক্ষিতে দেশ দু’টির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
তীগ্রাই সংলগ্ন আল ফাশাকা অঞ্চলটি নিয়ে বিরোধপূর্ণ অবস্থানে রয়েছে দেশ দুইটি। ইথিওপিয়ার নিয়ন্ত্রণে থাকলেও ওই অঞ্চলটির মালিকানা দাবি করে আসছে সুদান।
একাত্তর/আরবিএস