করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সনাক্তকারী দলের একজন চিকিৎসক বলেছেন, তার কাছে চিকিৎসা নেওয়া সন্দেহভাজন কয়েক ডজন ওমিক্রন আক্রান্ত রোগীর শরীরে কেবলমাত্র মৃদু উপসর্গ দেখেছেন তিনি। তারা জানিয়েছেন হাসপাতালে ভর্তি হওয়া ছাড়াই তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।
দক্ষিণ আফ্রিকা মেডিক্যাল এসোসিয়েশনের চেয়ারম্যান অ্যাঞ্জেলিক কোয়েৎজি ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, গত ১০ দিনে তিনি অন্তত ৩০ জন রোগীকে চিকিৎসা দিয়েছেন; যারা করোনা পজিটিভ ছিলেন। তবে তাদের শরীরে তিনি কিছু ‘অপরিচিত উপসর্গ’ দেখতে পেয়েছেন।
এএফপিকে এই চিকিৎসক বলেছেন, রোগীদের একটি সাধারণ উপসর্গ চরম ক্লান্তি। এবারে রোগীদের বেশিরভাগই পুরুষ, যাদের বয়স ৪০ বছরের নিচে। তাদের অর্ধেকই করোনা টিকার পূর্ণ ডোজ নেওয়া ছিলেন। অ্যাঞ্জেলিক কোয়েৎজি বলেছেন, তাদের পেশীতে মৃদু ব্যথা, গলায় খুসখুস ভাব এবং শুকনো কাশি ছিল। মাত্র অল্প কয়েকজনের শরীরের তাপমাত্রা সামান্য বেশি ছিল।
ওমিক্রনের এই মৃদু উপসর্গগুলো করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের উপসর্গের তুলনায় ভিন্ন। করোনাভাইরাসের অন্যান্য কিছু ধরনে ওমিক্রনের চেয়েও জটিল উপসর্গ দেখা যায়।
সূত্র: এএফপি।
একাত্তর/এআর