করোনার ওমিক্রন ধরন নিয়ে নিজ দেশের নাগরিকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আপাতত দেশটিতে লকডাউন কিংবা চলাচলে বিধিনিষেধ বাড়ানোর পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানিয়েছেন তিনি। বিবিসির খবর।
সোমবার (২৯ নভেম্বর) হোয়াইট হাউস থেকে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাইডেন বলেন, 'ওমিক্রন উদ্বেগের কারণ বটে, তবে আতঙ্কের কারণ নয়।'
আরও পড়ুন: সু চির মামলার প্রথম রায় ৬ ডিসেম্বর
ফলে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে লকডাউনের প্রয়োজন নেই। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বিমানে চলাচলের ক্ষেত্রে টিকা গ্রহণ ও করোনা পরীক্ষার বাধ্যবাধকতার প্রয়োজনীয়তাও দেখছেন না বলে জানান বাইডেন। তবে বাধ্যতামূলকভাবে টিকা দিতে হবে এবং মাস্ক পরতে হবে বলে উল্লেখ করেন তিনি।
সম্প্রতি আফ্রিকা অঞ্চলে শনাক্ত হয় ওমিক্রন। এখন পর্যন্ত বিশ্বের ১৩টি দেশে করোনার নতুন ধরনটিতে আক্রান্তের খবর পাওয়া গেছে।
এদিকে দেশে দেশে ওমিক্রন শনাক্তের খবর মেলার পর আফ্রিকার আট দেশ থেকে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসির আশা করছেন করোনার প্রচলিত টিকাগুলো ওমিক্রনের বিরুদ্ধেও কাজ করবে।
একাত্তর/এআর