করোনার সংক্রমণ কমে আসায় কিছুদিন আগেই আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয় ভারত সরকার। কিন্তু করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্কে আবারও সে সিদ্ধান্ত বদল করলো দেশটি। ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর কথা থাকলেও তা করছে না ভারত।
বুধবার (১ ডিসেম্বর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংক্রমণ থেকে সতর্ক থাকতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সব অংশীদারদের সঙ্গে পরামর্শ করে আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিদেশি পর্যটকে নাইজেরিয়ায় প্রথম সংক্রমণ অক্টোবরেই
বৈশ্বিক পরিস্থিতি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার উপযোগী হলে বিমান চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মহামারির কারণে প্রায় দু’বছর ধরে স্থগিত করা হয় ভারতের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। কিছুদিন পর শর্তসাপেক্ষে কয়েকটি দেশের সঙ্গে ফ্লাইট যোগাযোগ চালু হয়। তবে আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট ফের শুরু করার কথা জানিয়ে ২৬ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিজিসিএ।
প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও একে ঝুঁকিপূর্ণ ও শঙ্কাজনক বলে আখ্যায়িত করা হচ্ছে। ভ্যারিয়েন্ট আবিষ্কারের পর বিশ্বের অন্তত ৭০টি দেশ আফ্রিকার কয়েকটি দেশ ও অঞ্চলের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
একাত্তর/টিএ