'যীশু শিশুদের রক্ষা করবেন, ভ্যাকসিন নয়'

বেলজিয়ামে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকে দেশটিতে কঠোর বিধিনিষেধ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে ফের আন্দোলনে নেমেছে টিকাবিরোধীরা। পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এ সময় বিক্ষোভকারীদের অনেকেই "যীশু শিশুদের রক্ষা করবেন, ভ্যাকসিন নয়" লেখা প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। অনেকেই ফেস মাস্ককে অপ্রয়োজনীয় বলে ছুড়ে ফেলেছেন। 

রোববার (৫ ডিসেম্বর) সকাল থেকেই দেশটির রাজধানী ব্রাসেলসে পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।    

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, এ দিন অন্তত আট হাজার বিক্ষোভকারী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন। টিকাবিরোধীদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করেছে পুলিশ।

পুলিশের দাবি, বিক্ষোভকারী পুলিশের দিকে পাথর নিক্ষেপ করার পাশাপাশি ব্যারিকেডে ভাঙচুর চালিয়েছে।


আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

ব্রাসেলস পুলিশ জানিয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের দুটি ড্রোন এবং একটি হেলিকপ্টারও ঘটনাস্থল প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা ড্রোনের দিকে আতশবাজি এবং বিয়ারের ক্যান নিক্ষেপ করে। পরে জলকামান ও কাঁদানে গ্যাস দিয়ে পাল্টা জবাব দেয় পুলিশ।

উল্লেখ্য, নভেম্বরের শেষ দিকেও ব্রাসেলসে কমপক্ষে ৩৫ হাজার বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সহিংস বিক্ষোভে জড়ায়। ওই ঘটনায় বহু মানুষকে আটক করে দেশটির পুলিশ। 


একাত্তর/আরবিএস