ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রথম প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন বিপিন রাওয়াত। এর আগে তিনি ২০১৬ এর ৩১ ডিসেম্বর জেনারেল দলবীর সিং সোহাগ-এর কাছ থেকে ২৬তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব বুঝে নেন। এরপর ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।
বিপিন ভারতের উত্তরাখণ্ড প্রদেশের পৌরি গাড়ওয়াল জেলায় ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা লক্ষণ সিং রাওয়াতও সেনাবাহিনীর জেনারেল ছিলেন।
রাওয়াত লেখাপড়া করেন ক্যামব্রিয়ান হল (দেরাদুন), সিমলার সেন্ট এডওয়ার্ড স্কুল এবং অবশেষে 'ভারতীয় সামরিক একাডেমী'তে, যেখান থেকে ভালো ফলাফল করে 'সোর্ড অব অনার' লাভ করেছিলেন।
তিনি তামিলনাড়ুর 'প্রতিরক্ষা সেবা স্টাফ কলেজ' থেকে স্টাফ কোর্স এবং যুক্তরাষ্ট্রের ফোর্ট লেভেনওয়ার্থ থেকে 'উচ্চতর আদেশ প্রশিক্ষণ' লাভ করেন। এছাড়া প্রতিরক্ষাবিদ্যায় এমফিল করেন তামিলনাড়ুর মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে।
ব্যক্তিগত জীবনে জেনারেল রাওয়াত ও তার সহধর্মিণী মধুলিকা রাওয়াত দুই কন্যাসন্তানের জনকজননী ছিলেন।
আরও পড়ুন: ভারতের সেনা সর্বাধিনায়ক বিপিন কপ্টার দুর্ঘটনায় নিহত
প্রসঙ্গত, ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারে থাকা সবাই মারা গেছেন। তিনিসহ যে ১৪ জন কপ্টারটিতে ছিলেন, তার মধ্যে ৫ জন ক্রু এবং বাকি ৯ জন ছিলেন যাত্রী।
বিপিন রাওয়াতকে বহনকারী এমআই-১৭ভি৫ কপ্টারটি তামিলনাড়ুর নিকটবর্তী সুলুরের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। এটি দেশটির বিমানবাহিনীর হেলিকপ্টার। তিনি রাজ্যের উরাহগামানরালামে অবস্থিত একটি ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজে যাচ্ছিলেন।