রাশিয়াতে একটি অর্থোডক্স স্কুলে এক তরুণের বোমা হামলায় হামলাকারীসহ অন্তত ১২ জন আহত হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) মস্কোর কাছে সেরপুখেভে এ ঘটনা ঘটে। হামলাকারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে বলে জানা গেছে। তবে তার পরিচয় সম্পর্কে কিছু জানায়নি পুলিশ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ১৮ বছর বয়সী ওই তরুণ ওই স্কুলেরই একজন শিক্ষার্থী। সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, শিক্ষক ও সহপাঠীদের ওপর ক্ষোভ থেকে সে এ কাজ করে থাকতে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: জেলে যাওয়া এড়াতে নিজের মৃত্যুর নাটক!
তবে হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
এদিকে সংবাদ সংস্থা তাস জানিয়েছে, হামলাকারী সকালের প্রার্থনার সময় হামলা করার পরিকল্পনা করেছিলো। তবে মঠে প্রবেশের সময় দরজার কাছেই বোমাটি বিস্ফোরিত হয়।
আহতদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে আশ্বস্ত করেছেন মস্কোর গভর্নর আন্দ্রেই ভরবায়েভ।
একাত্তর/এসজে