কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসানে নীতিগতভাবে সম্মত হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং চীন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন এই তথ্য জানিয়েছেন বলে বিবিসি সূত্রে জানা গেছে।
সোমবার (১৩ ডিসেম্বর) অস্ট্রেলিয়া সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন ক্যানবেরায় অজি প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নীতিগত সম্মতির এই ঘোষণা দেন।
তবে উত্তর কোরিয়ার দাবির কারণে এই আলোচনা এখনও শুরু হয়নি বলে মন্তব্য করেন মুন।
মুন জায়ে ইন বলেন, উত্তর কোরিয়া আলোচনা শুরুর পূর্বশর্ত হিসেবে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি ও যৌথ মহড়ার অবসান দাবি করে আসছে। সে কারণে আলোচনায় বসতে পারছে না তারা। এসময় জটিলতা কাটিয়ে শিগগির আলোচনা শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: রাশিয়ায় অর্থোডক্স স্কুলে শিক্ষার্থীর বোমা হামলা, আহত ১২
এদিকে গত সেপ্টেম্বরে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো-জং ইঙ্গিত করেছিলেন যে, শুধুমাত্র যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে 'বৈরী নীতি' পরিহার করলেই তার দেশ আলোচনায় বসতে পারে।
১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধে দুই দেশ হিসেবে ভাগ হয়ে যায় উত্তর ও দক্ষিণ কোরিয়া। যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘাতের অবসান হলেও তখন থেকেই 'নীতিগতভাবে' যুদ্ধ চলছে দুই কোরিয়ার।
এই দীর্ঘ যুদ্ধে উত্তর কোরীয় শিবিরে সমর্থন যোগাচ্ছে চীন আর দক্ষিণ কোরিয়াকে মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দায়িত্বে আসার পর থেকেই আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধ অবসানের পক্ষে বলে আসছেন মুন জায়ে ইন। তবে এই লক্ষ্য অর্জন করা কঠিন হবে বলেই মনে করেন বিশ্ব রাজনীতি বিশ্লেষকরা।
একাত্তর/জো