করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের বিরুদ্ধে বুস্টার ডোজ ৮০ থেকে সর্বোচ্চ ৮৫ শতাংশ পর্যন্ত কার্যকর বলে দাবি করছেন যুক্তরাজ্যের গবেষকরা।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা ওমিক্রন নিয়ে এ পর্যন্ত যত তথ্য পেয়েছেন সেগুলোর কম্পিউটার মডেলিং করে এ তথ্য পেয়েছেন। তাদের মতে, ওমিক্রনের মারাত্মক অবস্থা থেকে বুস্টার ডোজে কমপক্ষে ৮০ শতাংশ ও সর্বোচ্চ ৮৫ দশমিক ৯ ভাগ সুরক্ষা পাওয়া যাবে। অর্থাৎ বুস্টার ডোজ পাওয়া প্রতি ১০০ জনের মধ্যে কমপক্ষে ৮০ জনকে হাসপাতালে যেতে হবে না।
ইমপেরিয়ালের গবেষণা দলের একজন প্রফেসর আজরা গনি জানালেন, ওমিক্রনের তীব্রতা সম্পর্কে জানতে আরও কয়েক সপ্তাহ লাগবে। আর এক্ষেত্রে বুস্টার ডোজকে জনস্বাস্থ্যের সুরক্ষার একটি বড় অংশ মনে করেন তিনি।
আরও পড়ুন: আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ
ডেলটা ধরনের ক্ষেত্রে বুস্টার ডোজের সুরক্ষার হার ৯৭ শতাংশ। তবে ওমিক্রনের বেলায় এ ধরনের গাণিতিক মডেলকে যথেষ্ট মনে করছেন না ইউকে ভ্যাকসিন টাস্কফোর্সের সাবেক চেয়ার ড. ক্লাইভ ডিক্স। বিবিসিকে তিনি বলেন, ‘এ ধরনের মডেলে বিশাল অনিশ্চয়তা আছে। ওমিক্রনের কারণে হাসপাতালে ভর্তি, আইসিইউতে নিয়ে যাওয়া ও মৃত্যুর আরও অন্তত একমাসের তথ্য হাতে পাওয়ার পর বুস্টার ডোজ নিয়ে আমরা আত্মবিশ্বাসী হতে পারবো।’
যুক্তরাজ্যে প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। গত তিনদিন দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। এরই ধারাবিহকতায় শুক্রবার (১৭ ডিসেম্বর) যুক্তরাজ্যে নতুন করে ৯৩ হাজার ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
একাত্তর/এসজে