মাত্র ১২৭ জন আক্রান্ত, তাতেই লকডাউনে এক কোটি ৩০ লাখ মানুষ

চীনে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১২৭ জন। এরমধ্যে ৬৩ জন শিয়ান শহরের বাসিন্দা, যারা বৃহস্পতিবার স্থানীয়ভাবে শনাক্ত হয়েছেন। আর তাতেই নড়েচড়ে বসেছে দেশটি। লকডাউন ঘোষণা করা হয়েছে এক কোটি ৩০ লাখ মানুষের শিয়ান শহরে। তবে শহরটিতে এখন পর্যন্ত কারও দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়নি। 

২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এবারই প্রথম এতোটা কঠোর অবস্থানে গেলো চীন।    

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) থেকে এ লকডাউন কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

এক সরকারি ঘোষণায় জানানো হয়, জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি অনুমতি ছাড়া শহর থেকে বের হওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। করোনার প্রকোপ রোধে জরুরি প্রয়োজন ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। 

এখন যারা শহরটির বাইরে যেতে চান তাদেরকে কোভিড শনাক্তকরণ পরীক্ষায় 'নেগেটিভ' ফল আসার প্রমাণপত্র এবং নিয়োগকর্তা বা স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদনপত্র দেখাতে হচ্ছে।

বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ট্যাক্সি বা গাড়িতে করে শহরের বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন: অপরিকল্পিত বুস্টার ডোজ করোনাকে দীর্ঘায়িত করবে: ডব্লিউএইচও

শহরটিতে লকডাউন ঠিকঠাকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা দেখতে নিরাপত্তাকর্মীদের পাশাপাশি পরিদর্শনে বের হন ভাইস-প্রিমিয়ার সান চুনলান।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/আরবিএস