অতীত অনুসন্ধানে যাচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপ

মহাবিশ্বের রহস্য অনুসন্ধান করতে উৎক্ষেপণ করা হচ্ছে হাবল টেলিস্কোপের উত্তরসূরি নাসার 'জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ'। 

শনিবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ২০ মিনিটে ফ্রেঞ্চ গায়ানায় ইউরোপিয়ান স্পেস এজেন্সির উৎক্ষেপণ ঘাঁটি থেকে এটি উৎক্ষেপিত হবে। 

প্রায় ৯ বিলিয়ন ডলার খরচ করে বানানো এই টেলিস্কোপটি রকেটসহ উৎক্ষেপণের পর ২৬ মিনিট ধরে মহাকাশ অভিমুখে যাত্রা করবে। এরপর রকেট থেকে আলাদা হয়ে নিজের যাত্রা শুরু করবে এটি। 

টেলিস্কোপটি মহাবিশ্বকে ইনফ্রারেড বা অবলোহিত আলোয় অবলোকন করবে। এর মূল আয়নাটি স্বর্ণ দিয়ে মোড়ানো বেরিলিয়াম ধাতুর ১৮টি ষড়ভুজ আকৃতির আয়না জোড়া লাগিয়ে তৈরি করা হয়েছে। ফলে হাবলের তুলনায় অনেক দূরের আলো ও বস্তু দেখতে পারবে এটি। 

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এতো বড় আয়না থাকার ফলে টেলিস্কোপটি বিগ ব্যাংয়ের মাত্র একশ' মিলিয়ন বছর পরের অবস্থার চিত্রধারণ করতে পারবে। যেখানে হাবল ধারণ করতে পারত বিগ ব্যাংয়ের চারশ' মিলিয়ন বছর পরের চিত্র। 

আরও পড়ুন: যুক্তরাজ্যে বিদ্যুৎ গতিতে ছুটছে করোনা, শনাক্তের নতুন রেকর্ড

এছাড়াও ইনফ্রারেড আলো ব্যবহারের ফলে আগের চেয়ে বহুগুণ পরিষ্কার হবে ওয়েবের তোলা ছবি। 

ফলে মহাবিশ্বের একদম শুরুর দিকে যেসব নক্ষত্র গঠিত হয়েছিলো তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করার আশা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। 

উল্লেখ্য, আলোর গতি সেকেন্ডে প্রায় এক লাখ ৮৬ হাজার মাইল। দূরবর্তী কোন নক্ষত্র থেকে যখন আলো এসে আমাদের গ্রহ পর্যন্ত পৌঁছায় তখন আমরা আসলে সেই আলোর যাত্রা শুরুর সময়কার অবস্থা দেখতে পাই। 

অর্থাৎ এই টেলিস্কোপ যেই চিত্র ধারণ করবে, তা হবে মিলিয়ন মিলিয়ন বছর আগেকার চিত্র। সুতরাং এর মাধ্যমে আমরা 'অতীতের' ছবি দেখতে পাবো বলা যায়। 

টেলিস্কোপটি এক মাস ধরে পৃথিবী থেকে ১০ লাখ মাইল দূরে সূর্যকে প্রদক্ষিণ করবে। এসময় পৃথিবী থেকে এই নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে চলবে। 

জেমস ওয়েবের পূর্বসূরি হাবল টেলিস্কোপটি মাত্র ৩৪০ মাইল দূর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে। প্রতি ৯০ মিনিট অন্তর পৃথিবীর ছায়ার অন্তরালে চলে যাই সেটি। 


একাত্তর/এসজে