ফিরে দেখা ২০২১: বিশ্বজুড়ে আলোচনায় বাইডেন থেকে তালেবান

বছরজুড়ে নানা ঘটনায় আলোচিত ছিল আন্তর্জাতিক অঙ্গন। বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ, মিয়ানমার এবং সুদানে সেনা অভ্যুত্থান। আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখল, হাইতির প্রেসিডেন্টকে নিজ বাসভবনে গুলি করে হত্যার ঘটনায় নজর ছিল সবার। 

এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপে বন্যা, ভারতে কৃষি বিল বাতিল এবং বছরের শেষভাগে করোনার ওমিক্রন ধরণের হানা। আরও ছিল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মহাকাশ যাত্রা। 

বছরের শুরুতে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। তবে, পূর্ব ঘোষণা অনুযায়ী মার্কিন ইতিহাসের সবচয়ে বয়স্ক এই প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে থাকেননি বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮৬৯ সালে অ্যান্ড্রু জনসনের পর তিনি এই নজির দেখিয়েছেন। 

১ ফেব্রুয়ারি পার্লামেন্টের প্রথম অধিবেশনের দিনে সেনা অভ্যুত্থান মাধ্যমে মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে জান্তা সরকার। গ্রেপ্তার করা হয় সু চি ও রাষ্ট্রপতি উইন মিন্টসহ ক্ষমতাসীন দলের নেতাদের। এক বছরের জরুরী অবস্থা জারি করে ক্ষমতা নেন সশস্ত্র বাহিনীর প্রধান মিন অং হ্লাইং।

আরও পড়ুন: ২০২১'এ যাদের হারিয়েছে দেশ

৭ জুলাই, হাইতির রাজধানী পোর্টো প্রিন্সে প্রেসিডেন্টে প্রাসাদে ঢুকে গুলি করে শাসক জোভেনেল ময়েসকে হত্যা করে এক দল অস্ত্রধারী। ঘটনাস্থলেই মারা যান তিনি। গুলিতে গুরুতর আহত হন ফার্স্ট লেডি। 

জুলাইয়ের মাঝামাঝিতে জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে আকস্মিক বন্যায় প্রাণ হারায় ২৪০ জন। আর এতে আর্থিক ক্ষতির পরিমাণ ছিল চার হাজার ৩শ কোটি ডলার।

১৫ আগস্ট প্রায় দু’দশক পর আফগানিস্তানে আবার শুরু হয় তালেবান শাসন। সশস্ত্র অভিযানের মুখে দেশ ছাড়েন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এর প্রায় মাসখানেক পর অন্তর্বর্তী সরকার গঠন হলেও অর্থনৈতিক নিষেধাজ্ঞায় এখনও বেহাল দশা দেশটির সাধারণ মানুষের। 

আগস্টের শেষে যুক্তরাষ্ট্রে বছরের সবচয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়টির আইডার আঘাতে মারা যায় ৯৫ জন। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ছয় হাজার ৫শ কোটি মার্কিন ডলারের।

২৫ অক্টোবর অভ্যুত্থানের মাধ্যমে সুদানের শাসনক্ষমতা ছিনিয়ে নেন দেশটির সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান। জরুরি অবস্থা জারির পর প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করেন তিনি। এরপরও গণতন্ত্রের জন্য রাজপথে লড়াই চালছে সাধারণ মানুষের।

২৬ নভেম্বর করোনার নতুন আরও একটি ধরণ ওমিক্রনের সন্ধান দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। এরইমধ্যে বিশ্বের প্রায় সবকটি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। অতি সংক্রামক ভাইরাসটির কারণে একে একে বিশ্বের বিভিন্ন দেশ আবারও ভ্রমণ, ফ্লাইট, সীমান্ত বন্ধসহ নানা বিধিনিষেধ ফিরিয়ে আনে। 

আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কে নতুন বছরের প্রস্তুতি নিচ্ছে বিশ্ব

২৯ নভেম্বর ভারতের সংসদের শীতকালীন অধিবেশন শুরুর দিনে মাত্র চার মিনিটেই পাস হয় বিতর্কিত কৃষি আইন বাতিলের বিলটি। আর এর মাধ্যমে অবসান হয় দেশটির কৃষকদের প্রায় এক বছর ধরে চলা রাজপথের আন্দোলন।

বছরের শেষ ভাগে, ২৫ ডিসেম্বর ইতিহাস সৃষ্টি করে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। প্রায় ৩০ বছরের প্রচেষ্টায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই টেলিস্কোপটি দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গায়ানা থেকে ইউরোপিয়ান আরিয়ান রকেটে চেপে সফলভাবে মহাকাশে যাত্রা শুরু করেছে। এতে খরচ হয়েছে এক হাজার কোটি ডলার।

নানা উত্থান-পতনের মধ্য দিয়ে শেষ হলো আরেকটি বছর। নতুন বছরে করোনা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনের ফিরে যাক পৃথিবী, এমনটাই প্রার্থনা বিশ্ববাসীর। 


একাত্তর/এসজে