সৌদির বিরুদ্ধে 'সন্ত্রাসবাদের' অভিযোগ হিজবুল্লাহ'র

ইরাকে ইসলামিক স্টেট আদর্শ প্রচারের মাধ্যমে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ করেছেন হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরাল্লাহ। 

সোমবার (৩ জানুয়ারি) টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন। 

বাদশাহকে উদ্দেশ্য করে নাসরাল্লাহ বলেন, 'পৃথিবীজুড়ে যে ইসলামিক স্টেটের আদর্শ প্রচার করেছে সে-ই সন্ত্রাসী। ইরাক ও সিরিয়ায় যে হাজার হাজার সৌদি নাগরিককে আত্মঘাতী অপারেশনে পাঠিয়েছে সে-ই সন্ত্রাসী। আর সেই সন্ত্রাসী হলো আপনি।' 

এই অভিযোগের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে নিবিড় যোগাযোগ ও ইয়েমেনে হামলার জন্য সৌদি সরকারের সমালোচনা করেন নাসরাল্লাহ। 

আরও পড়ুন: তিনজনের করোনা হওয়ায় ১১ লাখ মানুষ লকডাউনে

সম্প্রতি আর্থিক সংকটের সময়ে সৌদি আরবের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য নাসরাল্লাহর সমালোচনা করে আসছে তার রাজনৈতিক প্রতিপক্ষরা। তবে এ অভিযোগ নাকচ করে দিয়ে আঞ্চলিক শান্তি বিনষ্টের জন্য সৌদি আরবকে দায়ী করেছেন তিনি। 

তবে তার এ বক্তব্যের পর এক বিবৃতিতে লেবাননের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, হিজবুল্লাহ'র এ বক্তব্য সরকার এবং জনগণের মতামতের প্রতিফলন নয়। 


একাত্তর/এসজে