ফ্রান্সের যে সকল নাগরিক এখনও করোনাভাইরাসের টিকা নেয়নি তাদের দেখে নেওয়ার হুমকি দিলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।
মঙ্গলবার (৪ জানুয়ারি) ফরাসি লা প্যারিসিয়ান সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাঁক্রো বলেন, যারা এখনও করোনার টিক নেয়নি আমি সত্যি তাদের হয়রানি করতে চাই, আর আমরা এটা করতে থাকবো একেবারে শেষ পর্যন্ত।
তবে তিনি মানুষকে জোর করে টিকা দিতে চান না বলেও জানান ম্যাঁক্রো। নাগরিক জীবনের সুযোগ সীমিত করার মাধ্যমে তিনি মানুষকে টিকা নিতে উৎসাহিত করতে পারবেন বলেও মন্তব্য করে।
ম্যাঁক্রো আরও যোগ করেন, আমি টিকা না নেওয়া মানুষদের কারাগারে পাঠাবো না। কিন্তু ১৫ জানুয়ারি থেকে তারা আর রেস্টুরেন্টে যেতে পারবেন না। কফি শপ, থিয়েটার, সিনেমা হল এবং একাধিক স্থানে তাদের প্রবেশ করতে দেওয়া হবে না।
ফরাসি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট ওই সাক্ষাৎকারে যে ভাষা ব্যবহার করেছেন তা কোনো প্রেসিডেন্টের জন্য সঙ্গত নয় বলে সমালোচনা করেছেন বিরোধী শিবিরের রাজনীতিবিদরা।
সংসদে করোনা সংক্রান্ত এক বিল (আইন) পাস বিলম্বিত হওয়ার মধ্যে এমন মন্তব্য করেছেন ম্যাঁক্রো। বিলে টিকা না নেওয়া ব্যক্তিদের প্রকাশ্যে চলাফেরার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
এদিকে বিলটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। সরকারের এমন কঠোর সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বিরোধী শিবিরের নেতারা। সংসদে এ নিয়ে বিতর্ক চললেও কোনো সিদ্ধান্ত না আশায় মধ্যরাতের পর সংসদের আলোচনা বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: অভিযান-১০ লঞ্চের মালিককে গ্রেপ্তার দেখালো পুলিশ
বিলকে কেন্দ্র করে এরইমধ্যে বেশ কয়েক জন আইনপ্রণেতা মৃত্যুর হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন তারা।
অন্যদিকে সরকার সংশ্লিষ্টরা বলছেন, বিলটি আগামী সপ্তাহে পাস হয়ে যাবে এমন সম্ভবানা তৈরি হয়েছে। যদিও এই বিল টিকা বিরোধীদের আরও ক্ষুব্ধ করে তুলবে।
একাত্তর/আরবিএস