রক্ষণশীল হিসেবে খ্যাত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রথমবারের মতো উটের সৌন্দর্য প্রতিযোগিতায় এবার নারীরাও সুযোগ পাচ্ছেন তাদের উট নিয়ে অংশগ্রহণের।
পাকিস্তানের গণমাধ্যমে দ্য ডনের প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, এর আগে কখনো দেশটিতে এমন ঘটনা ঘটেনি।
এত দিন 'কিং আবদেল আজিজ উৎসবে' সাধারণত পুরুষেরাই তাদের উট নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতেন। এবার নারীরাও তাদের ঘোড়ায় চড়ে অনুষ্ঠানে যোগ দেন।
রাজধানী রিয়াদ থেকে উত্তরাঞ্চলের রুমা মরুভূমিতে উটের সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া লামিয়া আল-রশিদি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই উটের প্রতি আগ্রহী। যখনই শুনলাম, নারীদেরও এ প্রতিযোগিতায় সুযোগ দেওয়া হয়েছে, আমিও অংশগ্রহণের সিদ্ধান্ত নিলাম।’
আরও পড়ুন: কাজাখস্তান ছাড়বে রুশ বাহিনী
‘আমি আশা করি আজ একটি সামাজিক অবস্থানে পৌঁছতে পারব’, বলেন তিনি।
গত মাসে শুরু হওয়া ৪০ দিনের বেদুইনদের এই বার্ষিক আয়োজনে উপসাগরীয় অঞ্চল থেকে বিভিন্ন প্রতিযোগী অংশ নেন।
অনুষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ আল-হারবি বলেন, ‘বেদুইন সমাজের অবিচ্ছেদ্য অংশ নারী। তাদের কাছে উটের মালিকানা থাকে এবং উটের দেখাশোনাও করেন তারা। এই উৎসবে নারীদের অংশগ্রহণ ঐতিহাসিক ঐতিহ্যকে রক্ষা করবে।’
নারীদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতায় ৪০ জন অংশগ্রহণকারীর প্রথম হওয়া পাঁচজন ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছেন।
প্রসঙ্গত, এই প্রতিযোগিতায় সৌন্দর্যের হিসেবে উটের উচ্চতা, ঝুলে যাওয়া ঠোঁট, বড় নাক ও সুঠাম কুঁজ প্রাধান্য পায়।
একাত্তর/টিএ