মরক্কো উপকূলে নৌকাডুবিতে ৪৩ অভিবাসী নিহত

মরক্কোর দক্ষিণাঞ্চলীয় তারফায়া উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকাডুবিতে ৪৩ অভিবাসীর মৃত্যু হয়েছে। উত্তর আফ্রিকার দেশটির উপকূলের এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন শিশু ছিল।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপি অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা স্প্যানিশ মানবাধিকার সংস্থা ক্যামিনাডো ফ্রন্টিরাসের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

দুর্ঘটনাকবলিত নৌকা থেকে ১০ অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার ভোরে অভিবাসীবোঝাই ওই নৌকাটি উপকূলে ডুবে যায়। এসময় দুর্ঘটনার শিকার মানুষগুলো সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এর প্রায় দুই ঘণ্টা পর তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়।

আরও পড়ুন: বিশ্বে একদিনে আরও পাঁচ হাজার মৃত্যু

ক্যামিনাডো ফ্রন্টিরাস জানিয়েছে, দুর্ঘটনাকবলিত নৌকা ঠিক কোথায় অবস্থান করছে সেটি চিহ্নিত করতে এবং উদ্ধার কাজ চালাতে মরোক্কান কর্তৃপক্ষের কয়েক ঘণ্টা সময় লেগে যায়। প্রাণ হারানো ৪৩ জনের মধ্যে এখন পর্যন্ত মাত্র দুই জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

অভিবাসীরা নৌকায় করে স্পেনের ক্যানারে দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিলেন। মরক্কোর দক্ষিণাঞ্চলীয় তারফায়া উপকূল থেকে দ্বীপপুঞ্জটি ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত।

সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপে প্রবেশের ট্রানজিট রুট হিসেবে উত্তর আফ্রিকার এই দেশটি অভিবাসীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।

ওয়াকিং বর্ডারস নামেও পরিচিত সংস্থাটির তথ্য অনুযায়ী, অবৈধভাবে স্পেনে প্রবেশের চেষ্টায় শুধু গত বছরেই ৪ হাজারেরও বেশি অভিবাসী প্রাণ হারিয়েছেন যাদের বেশিরভাগেরই মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি।

আর সংখ্যার হিসাবে তুলনা করলে ২০২০ সালের চেয়ে ২০২১'এ দ্বিগুণ মৃত্যু হয়েছে।


একাত্তর/টিএ