করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে টিকার বুস্টার ডোজের চেয়ে প্রতিবছর নিতে হবে এমন টিকা নেওয়া বেশি সুবিধাজনক হতে পারে বলে মনে করছেন টিকা তৈরিকারী প্রতিষ্ঠান ফাইজারের সিইও অ্যালবার্ট বুরলা।
শনিবার (২২ জানুয়ারি) এক সাক্ষাৎকারে প্রতি চার-পাঁচ মাস অন্তর টিকা নেওয়া করোনার বিরুদ্ধে বেশি কার্যকর হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা ভালো হবে বলে মনে করেন না তিনি। এরচেয়ে প্রতিবছর একবার নিতে হয় এমন টিকা বেশি কার্যকর হবে বলে ধারণা তার।
আরও পড়ুন: এইডস-ম্যালেরিয়ার চেয়েও ভয়াবহ যে নীরব ঘাতক
তিনি বলেন, বছরে একবার টিকা নেওয়ার বিষয়টি মানুষকে বোঝানো এবং মনে রাখা বেশি সহজ হবে, তাই জনস্বাস্থ্যের দিক থেকে চিন্তা করলে সেটিই আদর্শ সমাধান।
এছাড়াও শুধু ওমিক্রন নয়, করোনার সব ধরনের বিরুদ্ধে সমানভাবে কাজ করে এমন টিকা উদ্ভাবনের প্রতি জোর দেন তিনি।
এসময় বুরলা আরও জানান, আগামী মার্চ মাসের মধ্যেই ফাইজার ওমিক্রন ঠেকাতে সক্ষম এমন একটি টিকার অনুমোদনের জন্য আবেদন করতে পারে।
এদিকে, শুক্রবার (২১ জানুয়ারি) মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কর্তৃপক্ষ জানায়, টিকার তৃতীয় ডোজ করোনাভাইরাসের বিরুদ্ধে ৯০ শতাংশ সুরক্ষা দেয়।